শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টানা ৬ দিন বিরতির পর সংসদের বৈঠক শুরু আজ

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2021, 02:41 দুপুর • 690 বার পঠিত
টানা ৬ দিন বিরতির পর সংসদের বৈঠক শুরু আজ

জাতীয় সংসদের বৈঠক ছয় দিন বিরতির পর আজ সোমবার (১৪ জুন) বেলা ১১টায় শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজকের বৈঠকে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে।

এর আগে, গত ৭ জুন সংসদের চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার পর বৈঠক মুলতবি করা হয়। আজ বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হয়।

গত ২ জুন কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু। দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ আঘাত করেছে, শনাক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন)। করোনার এ উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

সেদিন অধিবেশন শুরু হওয়ার পরদিন মহামারি করোনার কারণে আরেকটি অনাড়ম্বর বাজেট উত্থাপন হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। নতুন অর্থবছরের বাজেট গত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

অধিবেশণ শুরুর প্রথম দিন সব এমপি সংসদে যেতে পারেননি। সেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৭০ জন। কারোনার জন্য দূরত্ব বজায় রাখতে এ ব্যবস্থা। আর সব মন্ত্রী-এমপিদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদে প্রবেশ করতে হয়েছে। দেখাতে হয়েছে করোনা নেগেটিভ সনদ। 

এদিকে আজ ছাড়াও ১৫, ১৬, ১৬ ও ২৮ জুন মূল বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস, ৩০ জুন বুধবার মূল বাজেট পাস ও নির্দিষ্টকরণ বিল পাস, ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাস এবং অধিবেশন সমাপ্ত হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। বিরোধীদলের শীর্ষ নেতারাও দেবেন বক্তব্য।