তালেবান ৪০০ সদস্যকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান সরকার
যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার শান্তিচুক্তি অনুযায়ী গোষ্ঠিটির ৪০০ সদস্যকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান সরকার। শুক্রবার রাজধানী কাবুলে দেশটির প্রবীণ নেতা, রাজনীতিবিদসহ অনেকের অংশগ্রহনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, শান্তিচুক্তি অনুযায়ী এই ৪০০ বন্দী ছাড়া সবাইকেই মুক্তি দেয়া হয়েছে। তবে তাদের অপরাধ গুরুতর হওয়ায় এখনো ছাড়া হয়নি বলে জানান তিনি। বন্দীরা হত্যা, অপহরণসহ নানা অপরাধে দণ্ড প্রাপ্ত। তালেবান সদস্যদের মুক্তি দেয়া হবে কিনা এ বিষয়ে মতামত জানাতে শুক্রবারের বৈঠকে তিন হাজারেরও বেশি নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সেখান থেকেই এ বিষয়ে সিদ্ধান্তে আসে।
আফগানিস্তানে দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে আসছে আফগানবাসী। একই সঙ্গে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে ওয়াশিংটন, যা চুক্তিতে উল্লেখ ছিল। এর আগে, যুক্তরাষ্ট্র এবং আফগান সরকারের যৌথ ঘোষণায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্র-তালেবানের চুক্তি অনুযায়ী তালেবান যদি তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে অবশিষ্ট সকল সেনা প্রত্যাহার করে নেবে যৌথবাহিনী।’
যদিও আফগানিস্তানে প্রায় সময় বোমা হামলার ঘটনা ঘটে। মারা যাচ্ছেন অনেকে বেসামরিক নাগরিক। এতে শান্তি চুক্তি হুমকিতে পড়েছে। তালেবান বাহিনী ও মার্কিন সেনাদের মধ্যে সংঘাতে এ পর্যন্ত ২৪০০-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু সশস্ত্র তালেবান যোদ্ধা।