টাকার দাম আরো ১ টাকা ৬০ পয়সা কমল
ডলারের বিপরীতে টাকার মান কমছে তো কমছেই। সেই ধারাবাহিকতায় আরো একধাপ কমল টাকার দাম। এবার ১ টাকা ৬০ পয়সা কমেছে টাকার মূল্য। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের বিনিময়মূল্য নতুন করে নির্ধারণ করেছে। এক ডলার সমান এখন ৯১ টাকা ৫০ পয়সা। আগে এটি ছিল ৮৯ টাকা ৯০ পয়সা।
গত বৃহস্পতিবারই নতুন করে ডলারের বিনিময়মূল্য নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেদিন ডলারের মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়েছিল।
বাংলাদেশ ব্যাংক সোমবার থেকে নতুন দাম ৯১ টাকা ৫০ পয়সা দরে ডলারের সঙ্গে টাকার বিনিময় করছে। তবে ব্যাংকগুলো আমাদানিকারকদের কাছ থেকে ডলারপ্রতি কমপক্ষে ৯৫ টাকা রাখছে। আর তারা প্রবাসী আয় আনছে প্রতি
ডলারের দাম ৯৩ থেকে ৯৪ টাকায় রেখে।
স্বাভাবিকভাবে ডলারের দাম আরো বাড়ায় খরচ বাড়বে আমদানি ব্যবসায়ীদের। রপ্তানি যারা করেন তাদের এবং প্রবাসীদের লাভ বাড়বে।
বিশেষ করে প্রবাসীদের কথা বিবেচনা করে তাদের কাছ থেকে রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছে। বাজারের সঙ্গে সংগতি রেখে তাদের ডলারের দাম নির্ধারণ করতে বলেছে।
বাংলাদেশ ব্যাংক ওই সিদ্ধান্ত নেওয়ার পরও আরো দুই দফা ডলারের দাম বাড়াল।