শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টাইফুন রাই-র আঘাতে ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জন

অনলাইন নিউজ পোর্টাল • 18 ডিসেম্বর 2021, 08:53 রাত • 1,636 বার পঠিত
টাইফুন রাই-র আঘাতে ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জন

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে উদ্ধার কাজ।

গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। দ্বীপটির কিছু অংশে বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন রয়েছে। ফ্লাইট চলাচল ও বন্দরগুলো আপাতত বন্দ রাখা হয়েছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এনডিআরআরএমসির মুখপাত্র মার্ক টিমবাল এএফপিকে জানিয়েছেন, দুর্যোগকবলিত এলাকায় এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন দেশটির সামরিক বাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় ১৮ হাজার সংশ্লিষ্ট সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

এর আগে এনডিআরআরএমসি ঘূর্ণিঝড় রাইয়ের কারণে দেশটির আটটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করে। এই অঞ্চলগুলোতে বসবাস করেন তিন কোটির বেশি মানুষ।