স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, দ্রুতই থামবে নিউ মার্কেটের সংঘর্ষ
সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত অবিরাম চলছে নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। তবে এই সংঘর্ষ দ্রুতই থামানো সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে নিউ মার্কেট পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, সোমবার মধ্যরাত থেকে নিউ মার্কেট এলাকায় মারামারি চলছে। এত লম্বা সময় পরও কেন তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুল ডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।’
ব্যবসায়ীদের অভিযোগ, রাতের সংঘর্ষের সময় পুলিশ তৎপর ছিল। কিন্তু সকাল থেকে যে সংঘর্ষের সূত্রপাত সে সময়ে পুলিশের তৎপরতা চোখে পড়েনি। এছাড়া প্রশাসনকে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষে থাকার অভিযোগও করেছেন তারা।
এ বিষয়ে প্রশ্ন এলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।
পুলিশ কমিশনার বলেন, ‘পরিস্থিতি ঘটনাস্থলে অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই পুলিশ ছাত্রদের প্রতি সফট আচরণ করছে। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’
প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে প্রথম নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে পার্শবর্তী ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। রাত ১২টার দিকে এর শুরু। প্রায় আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। শেষে আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, নিউ মার্কেটে পোশাক কিনতে গিয়ে কথা কাটাকাটির জেরে দোকানকর্মীদের মারধরের শিকার হন তিন ছাত্র। সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় টায়ার কাঠসহ বিভিন্ন কিছু পোড়ানো হয়। দুই পক্ষের মধ্যে বৃষ্টির মত ঢিল ছোড়াছুড়ি চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
সকাল থেকে সেই সংঘর্ষের জেরে মারামারি চলছিল দফায় দফায়।