স্বজনদের কবর জিয়ারত করলেন বঙ্গবন্ধুর দুই কন্যা
১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়া স্বজনদের কবর জিয়ারত করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ বুধবার ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের সকালে দু্ই বোন রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন ও দুয়া করেন।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তাঁরা শহিদদের আত্মার শান্তি কামনা করেন।’
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র থেকে জানা যায়, কবর জিয়ারত ও দুয়া করার পর শেখ হাসিনা ও শেখ রেহানা স্বজনদের কবরে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, তৎকালীন রাষ্ট্রপতি জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ সদস্য নির্মমভাবে নিহত হন।
তখন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
বঙ্গবন্ধুকে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।