স্বাস্থ্যমন্ত্রী :এক বছরে ২০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে
আজ ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়ার কর্মসূচি পালন হয়েছে, বললেন স্বাস্থ্যমন্ত্রী । এ কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ। গত বছর ফেব্রুয়ারি মাসে টিকা দেওয়া শুরু হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি আরও বলেন, এক বছরের মধ্যে সব মিলিয়ে দেশে ২০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ১২ কোটি, দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ৮ কোটি ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৫ লাখ মানুষকে।
তবে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। এতে বিভ্রান্তির কোন সুযোগ নেই।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ টিকা বান্ধব। টিকার প্রতি মানুষের আগ্রহ আছে। কানাডায় মানুষজন টিকা নেবেন না বলে স্ট্রাইক করেছে। অনেক দেশে টিকা নেবেন না বলে ভাংচুর করেছে। কিন্তু আমাদের দেশের মানুষের টিকা নেওয়ার প্রতি আগ্রহ আছে। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে টিকা নেওয়ার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ ছিল। বাংলাদেশ সেই টার্গেট আজ পার করে এসেছে।
তবে টিকা যারা নিয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি অনেক কম। করোনার দ্বিতীয় ঢেউয়ে যে পরিমাণ মানুষ হাসপাতালে গিয়েছিল, তৃতীয় ঢেউয়ে খুব একটা মানুষ হাসপাতালে যায়নি। কারণ দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের অধিকাংশ মানুষ টিকা নেয়নি।