স্বাস্থ্যমন্ত্রী বললেন, করোনা বাড়ছে, সবাইকে সতর্ক থাকতে হবে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানালেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তিনি বলেছেন, এজন্য ‘‘সবাইকে সতর্ক থাকতে হবে।’’
আজ সোমবার মন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।
১১ সপ্তাহ পর গতকাল ২৪ ঘণ্টায় ১০০’র বেশি করোনায় শনাক্ত পাওয়া গেছে। শেষ এমনটা পাওয়া গিয়েছিল মার্চে। রোজকার শনাক্ত মাঝে খুব কমে গিয়েছিল। গত কয়েক দিন ধরে একটু একটু বাড়তে দেখা যাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই প্রসঙ্গ টেনে বলেন, ‘‘বাংলাদেশে কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। গতকাল (রোববার) ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। আমাদের সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিষয়টি ভুলে গেলে চলবে না। মাস্ক পরা ভুলে গেলে চলবে না, আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই।’’
তিনি বলেন, কোভিড-১৯ এখনো নির্মূল করা যায়নি। আবার বাজে অবস্থায় না পড়তে সবার চেষ্টা জরুরি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘‘ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি- মাস্ক পড়বেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।’’