স্বাস্থ্য সেবার জন্য সরকার ১৪০ কোটি টাকার ওষুধ কিনছে
সরকার ১৪০ কোটি টাকার ওষুধ কিনছে । সরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতে এই ওষুধ সরবরাহ করা হবে। স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধ কিনবে। স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানে ২০২০-২১ অর্থবছরে জিওবি (উন্নয়ন) খাতের আওতায় এই ওষুধ কেনা হবে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির আজকের বৈঠকে এই কেনার বিষয়টি অনুমোদন করা হতে পারে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল ফরমেটে এই সভা অনুষ্ঠিত হবে।
গ্রামীণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ‘কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)’ অপারেশনাল প্ল্যানের (ওপি) আওতায় দেশের সব উপজেলায় মোট ১৩,৮৮১টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। লাইন ডাইরেক্টর, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কর্তৃক গত ১৭ ফেব্রুয়ারি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধসংবলিত প্রতি কার্টন ১৭,৩৪০.৮৪৫৫ টাকা হিসেবে মোট ৮০,৭৩৪ কার্টন ওষুধ সর্বমোট ১৩৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৮২০ টাকায় ক্রয়ের প্রস্তাব স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়।
জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে ওষুধ সরবরাহের জন্য সিবিএইচসি ওপিতে জিওবি (উন্নয়ন) খাতে ১৪০ কোটি টাকার সংস্থান রয়েছে । ২০২০-২১ অর্থবছরে কমিউনিটি ক্লিনিকের জন্য প্রকিউরমেন্ট প্ল্যানে ওষুধ কেনার বিষয়টির প্রশাসনিক অনুমোদন রয়েছে।