স্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন রাখবে বাংলাদেশ
তুরস্কে অনুষ্ঠিত ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’-এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ এ খানের সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ তার অটল সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং গাজা পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটে আইসিসি’র ভূমিকার প্রশংসা করেন।
তারা রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা এবং সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে বাংলাদেশ ও আইসিসি’র মধ্যকার চলমান ও ভবিষ্যত সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
আইসিসি প্রসিকিউটর করিম এ এ খান আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় বাংলাদেশের অটল অবস্থান ও ভূমিকার প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোম সংবিধি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও শিক্ষাবিদদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে আইসিসি’র সঙ্গে দৃশ্যমান সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ আগামী দিনে সম্পর্কের গভীরতা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করে। বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে তুরস্কের আনাতোলিয়ায় শুরু হওয়া তিন দিনব্যাপী এডিএফ-২০২৫ ফোরাম আয়োজন করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায়। এই ফোরামে বিশ্ব নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নিচ্ছেন।
ফোরামে ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী, প্রায় ৬০টি আন্তর্জাতিক সংস্থার সিনিয়র প্রতিনিধি এবং শিক্ষার্থীসহ ৪ হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করছেন।