শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার নিষিদ্ধ হচ্ছে জামায়াত

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জুলাই 2024, 11:56 দুপুর • 218 বার পঠিত
স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার নিষিদ্ধ হচ্ছে জামায়াত

মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরে বাংলাদেশের স্বাধীনতার পর নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামী অর্ধশতক পর আবারও নিষিদ্ধ হচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এ দলকে ১৯৭২ সালে নিষিদ্ধ করা হয়েছিল ‘রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের’ কারণে। আর এবার দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে জন নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে।

জিয়াউর রহমানের আমলে রাজনীতি করার অধিকার ফিরে পাওয়া জামায়াতকে নিষিদ্ধের দাবি সেই নব্বইয়ের দশকেই সামনে এসেছিল শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে। ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় তা আরো জোরালো হয়।

গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে একাত্তরের ভূমিকার জন্য জামায়াত নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। কিন্তু দলটিকে নিষিদ্ধ করার দাবি অপূর্ণই থেকে গেছে এতদিন।

আদালতের রায়ে নিবন্ধন খুইয়ে নির্বাচন করার পথ বন্ধ হলেও দল হিসেবে জামায়াত ছিল সক্রিয়, গত নির্বাচনের আগেও দলীয়ভাবে তাদের মিছিল সমাবেশ করতে দেখা গেছে।

শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে ব্যাপক সহিংসতা সৃষ্টির অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।

সোমবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় দলের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য হয়। এরপর মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামায়াতকে কীভাবে নিষিদ্ধ করা হবে, সে সিদ্ধান্ত বুধবারের মধ্যেই চূড়ান্ত হবে।

তবে তিনি এটা স্পষ্ট করেছেন, জামায়াতকে নিষিদ্ধ করা হবে সাম্প্রতিক কোটা আন্দোলনের মধ্যে ‘সহিংসতার জন্য’। আর সেটা করা হবে সরকারের নির্বাহী আদেশে।