শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সূর্যোদয়ের পর থেকেই রমনা বটমূলে মানুষের ঢল

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 14 এপ্রিল 2025, 09:24 সকাল • 312 বার পঠিত
সূর্যোদয়ের পর থেকেই রমনা বটমূলে মানুষের ঢল

সূর্যোদয়ের পর থেকেই রাজধানীর রমনা বটমূলে চলছে ছায়ানটের আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

ভোর সোয়া ছয়টায় শিল্পী সুপ্রিয়া দাশের কণ্ঠে ভৈরবী রাগালাপের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগেই বহু মানুষ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

রাগালাপের পর ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন সম্মেলক গান 'নূতন প্রাণ দাও, প্রাণসখা'। এরপর শিল্পী দীপ্র নিশান্ত পরিবেশন করেন একক গান 'তিমির দুয়ার খোলো'।

একটির পর একটি রাগালাপ, গান ও আবৃত্তিতে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে। দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করছেন অনুষ্ঠান। মঞ্চের সামনের বসার জায়গা পূর্ণ হয়ে গেলে অনেকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছেন, কেউ কেউ পার্কের ভেতর থেকেও দেখছেন আয়োজন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত রোকসানা আহমেদ জানান, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং দীর্ঘ ২৫ বছর পর এবার দেশে এসে এই আয়োজনে অংশ নিতে পেরেছেন। তিনি বলেন, 'প্রবাসী হওয়ার পর দেশে এলেও বৈশাখ পাই না। আড়াই যুগ পর এবার সেই সুযোগ হয়েছে। সকালে বটমূলের সামনে বসে অনুষ্ঠান দেখতে পারা অন্য রকম আনন্দের।'

এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা 'আমার মুক্তি আলোয় আলোয়'। অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনায় ফুটে উঠেছে আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের ছোঁয়া।

রমনার বটমূলে আসা দর্শনার্থীদের মাঝে ছিল বৈশাখী সাজের ছাপ। নারীরা শাড়ি আর পুরুষরা পাঞ্জাবি পরে এসেছেন। লাল-সাদা রঙের প্রাধান্য দেখা গেছে সবার পোশাকে। শিশু-কিশোরদের মধ্যেও লাল-সাদার আধিক্য ছিল চোখে পড়ার মতো।

এই বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও সম্প্রচার চলছে।