শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শূন্যকোটায় হজে যেতে আবেদনের শেষ তারিখ ১০ মে

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মে 2022, 12:01 দুপুর • 321 বার পঠিত
শূন্যকোটায় হজে যেতে আবেদনের শেষ তারিখ ১০ মে

সৌদি আরবের শর্ত অনুযায়ী এবার ৬৫ বছরের বেশি বয়সী কেউ হজ করতে যেতে পারবেন না। তবে বয়স ৬৫ পেরিয়েছে কিন্তু তিনি নিবন্ধিত, এমন ব্যক্তির পরিবারের একজন ৬৫ বছরের কম বয়সী সদস্য তার বদলে হজ করতে যেতে পারবেন। এরকম শূন্যকোটায় হজে যেতে হলে প্রাক-নিবন্ধন শেষ করে আগামী ১০ মের মধ্যে আবেদন করতে হবে।

এ বিষয়ে দেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রী ও হজ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৪৪৩ হিজরি (২০২২ সাল) হজে ৬৫ বছরের (পাসপোর্ট অনুযায়ী যাদের জন্ম ১৯৫৭ সালের ১ জুলাই এবং এর পর) কম বয়সী ব্যক্তিই কেবল হজ পালনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ফলে ১৯৫৭ সালের ১ জুলাইয়ের আগে যাদের জন্ম তারা এ বছর হজে যেতে পারবেন না। তবে যেসব হজযাত্রী ২০২০ সনের হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন এবং বয়স এরই মধ্যে ৬৫ বছর অতিক্রম করছে, তার পরিবর্তে তার পরিবারের একজন সদস্য (৬৫ বছরের কম বয়সী) এ শূন্যকোটায় হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন শূন্যকোটায় হজে যেতে আগ্রহী ব্যক্তিকে বেসরকারি এজেন্সির ক্ষেত্রে নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত প্রাক-নিবন্ধন গ্রহণ করে আগামী ১০ মের মধ্যে প্রাক-নিবন্ধনের ট্র্যাকিং নম্বর এবং যার পরিবর্তে হজে যেতে চান তার ট্র্যাকিং নম্বর স্লিপসহ ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালকের কাছে সরাসরি বা hajjofficeashkona@gmail.com ই-মেইলের মাধ্যমে লিখিতভাবে আবেদন করতে হবে। ওই সময়ের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

করোনাভাইরাসের কারণে গত দুই বছর বিদেশিরা হজ করতে পারেননি। গত বছর নিজের দেশের মানুষকে সীমিত আকারে হজের সুযোগ দিয়েছিল সৌদি সরকার। এবার তারা ঘোষণা করে, সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ করতে যেতে পারবেন। বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজ করার সুযোগ পাচ্ছেন।