শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির নির্দেশনা

অনলাইন নিউজ পোর্টাল • 12 নভেম্বর 2021, 02:32 দুপুর • 525 বার পঠিত
সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির নির্দেশনা

আগামী রোববার, নভেম্বর ১৪ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। রাজধানীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো জারি করা হয়।


পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ আদেশ আগামী রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকাল পর্যন্ত বলবৎ থাকবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত এসএসসি পরীক্ষার সূচিতে দেখা গেছে, আগামী ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু করা হবে।

 

এরপর ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান, ১৬ নভেম্বর রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং, ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্ত্বীয়) ও জীব বিজ্ঞান (তত্ত্বীয়), ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে।

 

সময়সূচি:  সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা, দুই শিফটে পরীক্ষা হবে।

 

করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় পাবেন পরীক্ষার্থীরা।