শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন

মোহাম্মদ খাইরুল আমিন • 21 এপ্রিল 2025, 05:24 বিকাল • 255 বার পঠিত
সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন

সরকার সুন্দরবনের ১০ কিলোমিটার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘিরে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সুন্দরবনের পরিবেশ রক্ষায় ২০১৭ ও ২০২১ সালের পূর্ববর্তী সিদ্ধান্তগুলো সংশোধন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইসিএ এলাকায় ইতোমধ্যে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত প্রভাব নিরূপণ করা হবে নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে। তবে আদালতের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালা সংশোধনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সংশোধনের ফলে সরকারি ও বেসরকারি সংস্থা ও এনজিওগুলো যৌথভাবে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবে।

শব্দদূষণ রোধে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবেশ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট বাজেটে অতিরিক্ত বরাদ্দ এবং বন অধিদপ্তরের কর্মচারীদের ঝুঁকিভাতা বৃদ্ধির প্রস্তাবও সভায় ওঠে।

২০২৫ সালের মধ্যে সরকারি-বেসরকারি ভবন নির্মাণে কমপক্ষে ৩০ শতাংশ ব্লক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী মে মাসে সচিব পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, উপদেষ্টা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার কার্যপত্র উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।