শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শুক্রবার মধ্যরাত থেকে ফের অনলাইনে ট্রেনের টিকিট

মোহাম্মদ খাইরুল আমিন • 24 মার্চ 2022, 04:30 দুপুর • 239 বার পঠিত
শুক্রবার মধ্যরাত থেকে ফের অনলাইনে ট্রেনের টিকিট

শুক্রবার মধ্যরাত থেকে আবার অনলাইনে কেনা যাবে বাংলাদেশ রেলওয়ের টিকিট। তবে মোবাইল অ্যাপে নয়, ওয়েবসাইটে। সার্ভিস প্রোভাইডার পরিবর্তন করার কারণে গেল সোমবার থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

অনলাইনে টিকিট কেনায় মানুষের অনেক অভ্যস্ততা তৈরি হয়েছিল। হঠাৎ সেটি বন্ধ হওয়ায় রেলওয়ে স্টেশনে টিকিট কেনার জন্য মানুষের ভিড় বাড়ে। রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার সকাল থেকেও ছিল ঠাসা ভিড়। 

ভোর থেকে টিকিটের জন্য অনেক মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষায় থাকতে দেখা গেছে। হঠাৎ করে আগের পদ্ধতিতে টিকিট বিক্রি করতে হচ্ছে বলে রেলওয়ের কর্মকর্তা-কর্মচরীরারাও বেশ চাপে ভুগছিলেন। 

আগামীকাল শুক্রবারের শেষ প্রহর অব্দি পুরনো ব্যবস্থায় হাতে ইস্যু হবে ট্রেনের টিকিট। এরপর শুক্রবারই মধ্যরাত ১২টা থেকে ফের অনলাইনে টিকিট কাটা যাবে। নতুন ব্যবস্থায় শুরুতে শুধুমাত্র ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। আপাতত কোনো মোবাইল অ্যাপ থাকছে না।

(www.eticket.railway.gov.bd)-এটাই অনলাইনে রেল টিকিট সংগ্রহের নতুন ঠিকানা। টিকিট সংগ্রহ করতে হলে এই ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আগে অ্যাপে যে অ্যাকাউন্ট ছিল তা দিয়ে এই ওয়েবসাইটে সাইন-ইন করা যাবে না।