সুদানের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই সুদানের। এ বিষয়ে দেশটির সরকারের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুক। সুদানের অন্তর্বর্তী সময় পেরিয়ে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
এক বিবৃতিতে সুদানের সরকারি মুখপাত্র জানান, মঙ্গলবার সুদানের রাজধানীর খার্তুমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী হামদুক।
বৈঠকে হামদুক পম্পেওকে সুস্পষ্ট করে বলেন, সুদানে বর্তমানে বহু মতের জোট সরকার রয়েছে। সুনির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে কাজ করছে তারা। এমন পরিস্থিতিতে দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও দেশটির সাধারণ নির্বাচন তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কোনো পরিকল্পনা এই সরকারের নেই।
এর আগে, গত বছর গণবিক্ষোভের মুখে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে অন্তর্বর্তী সরকার দেশটির শাসনকাজ পরিচালনা করছে। ২০২২ সালের আগামী নির্বাচন পর্যন্ত দেশটিতে একই শাসন ব্যবস্থা থাকবে।