শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুদানে সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 26 অক্টোবর 2021, 08:53 রাত • 269 বার পঠিত
সুদানে সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত

সুদানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪০ জন। সোমবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং জরুরি অবস্থা জারির পর দেশটির রাস্তায় রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সেনা সদস্যদের চালানো গুলিতে হতাহতের এই ঘটনা ঘটল।

এর আগে সোমবার সুদানের সামরিক বাহিনীর জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সামরিক-বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল এবং সরকার ভেঙে দেন তিনি। এছাড়া সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও বেসামরিক কর্মকর্তাকেও আটক করা হয়।

সোমবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেওয়ার পর সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন দেশটির গণতন্ত্রকামী জনগণ। এ সময় বিক্ষোভস্থলে গোলাগুলির শব্দ শোনা যায় এবং কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বিশ্বজুড়ে এই সামরিক অভ্যুত্থানের নিন্দা জানানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ৭০ কোটি মার্কিন ডলারের সহায়তা স্থগিত করেছে। সামরিক অভ্যুত্থানের মূল হোতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এই অভ্যুত্থানের জন্য রাজনৈতিক নেতৃত্বের দ্বন্দ্বকেই দায়ী করেছেন।