শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুদানে সেনাবাহিনীর গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত ,আহত শতাধিক

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জানুয়ারী 2022, 11:47 দুপুর • 463 বার পঠিত
সুদানে সেনাবাহিনীর গুলিতে ৭ বিক্ষোভকারী  নিহত ,আহত  শতাধিক

সুদানে সেনাবাহিনীর গুলিতে অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। সোমবার সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে টিয়ারগ্যাস ও গুলিবর্ষণের পর প্রাণহানির এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার আয়োজিত বিক্ষোভ কঠোর হাতে দমনের চেষ্টা করে সুদানের সামরিক বাহিনী। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসের পাশাপাশি সরাসরি গুলিবর্ষণ করে সেনাসদস্যরা। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

সুদানের চিকিৎসকদের সংগঠন সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস জানিয়েছে, সোমবারের বিক্ষোভে দেশের একাধিক জায়গায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত সাতজন মারা গেছেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদে সুদানের রাজধানী খার্তুমে দুইদিনের হরতাল এবং আইন অমান্য আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

তবে জানা যায় ,গত বছরের অক্টোবর মাস থেকে সুদানে সেনাশাসন চলছে। এরপর গণতন্ত্র ফেরানোর দাবিতে শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদল্লাহ হামদককে আবারও প্রধানমন্ত্রী করে সেনা কর্তৃপক্ষ। তবে বিক্ষোভের মুখে গত ৩ জানুয়ারি পদত্যাগ করেন হামদক। সেনা ও সরকারের মধ্যে বিরোধ চলছে। এছাড়া রাজনৈতিক দলগুলোও ঐক্যবদ্ধ হতে পারছে না। অনেক চেষ্টার পরও কিছু করতে না পেরে পদত্যাগ করেন তিনি।

এরপর থেকে আবারও সেনাশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছেন সুদানের সাধারণ মানুষ। রাজধানী খার্তুমে প্রচুর মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন। দেশের অন্য এলাকাতেও বিক্ষোভ হচ্ছে। সেনাবিরোধী এই বিক্ষোভে সামিল হয়েছেন নারী ও শিশুরাও। জাতীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভ চলছে। তবে সামরিক কর্তৃপক্ষ বিক্ষোভ হতে দিতে রাজি নয়। আর তাই শান্তিপূর্ণ সেই বিক্ষোভও কঠোর হাতে দমন করেতে চাচ্ছে তারা।