সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪০
সুদানের অভ্যুত্থানবিরোধী কর্মীরা আজ রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন। কারণ, চিকিৎসকরা বলেছেন যে, গত মাসের সামরিক দখলের পর থেকে নিহতের সংখ্যা বেড়ে ৪০ এ দাঁড়িয়েছে। খবর আল-জাজিরার।
গত ২৫ অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেফতার করেন, যা জনগণকে রাস্তায় নামতে প্ররোচিত করে।
গত বুধবারের বিক্ষোভের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। সেদিন বিক্ষোভের পর নিহতদের সংখ্যা হয়েছিল ১৬ জন।
সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১৭ নভেম্বর মাথায় ও পায়ে গুলি গুরুতর আহত হন এক কিশোর। পরে তার মৃত্যু হয়। তার বয়স ছিল ১৬ বছর।
এদিকে চিকিৎসকরা আরো জানিয়েছেন, বুধবার নিহতদের বেশিরভাগই উত্তর খার্তুমের ছিল, যা রাজধানী থেকে নীল নদের ওপারে অবস্থিত। তখন শত শত মানুষ আহত হয়েছেন।