শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

"সুদানে গৃহযুদ্ধে যৌন সহিংসতা: আরএসএফের বিভৎস কৌশল"

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2025, 11:54 রাত • 191 বার পঠিত
"সুদানে গৃহযুদ্ধে যৌন সহিংসতা: আরএসএফের বিভৎস কৌশল"

সুদানে চলমান গৃহযুদ্ধের কৌশল হিসেবে বিদ্রোহী গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ব্যাপক যৌন সহিংসতা এবং গণধর্ষণ চালাচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশিত ৩০ পৃষ্ঠার প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, আরএসএফ বাহিনী দেশব্যাপী নারীদের বিরুদ্ধে ভয়াবহ যৌন সহিংসতা চালাচ্ছে, যা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জনগণকে স্থানচ্যুত করার একটি কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অ্যামনেস্টির ঊর্ধ্বতন কর্মকর্তা ডিপ্রোস মুচেনা বলেন, "আরএসএফের সদস্যরা নিরীহ নারীদের বিরুদ্ধে অকল্পনীয় নিষ্ঠুরতা চালাচ্ছে, যা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং যুদ্ধাপরাধের সামিল।" তিনি আরও বলেন, আরএসএফ সদস্যরা একাধিক ঘটনার মাধ্যমে নারীদের বন্দী করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালিয়েছে।

প্রতিবেদনে এক নারীর উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের মে মাসে তাকে আরএসএফ ইউনিফর্ম পরা সাতজন পুরুষ অপহরণ করে এবং ৩০ দিন ধরে তাকে ধর্ষণ করে রাখা হয়। ওই নারী বলেন, "প্রতিদিনই আমাকে নির্যাতন করা হত, আর আমি কোনোভাবেই মুক্তি পেতাম না।"

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে যে, ১৫ এপ্রিল ২০২৩ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় নারীরা যুদ্ধে অংশ না নিলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সুদানের এই গৃহযুদ্ধ বিশ্বের অন্যতম বৃহত্তম মানবিক সংকট হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়ে জীবনযাপন করছে।

এছাড়া, আরএসএফের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে, তারা সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাতে এবং তাদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এই ধরনের ভয়াবহ সহিংসতা চালাচ্ছে।