স্ত্রীকে খুনের ২২ বছর পর গ্রেপ্তার সাজাপ্রাপ্ত স্বামী
স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়ে নাম-পরিচয় গোপন করে ২২টা বছর কাটিয়ে দিয়েছিলেন দিনাজপুরের আনোয়ার হোসেন। ওই খুনের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মানুষটি শেষ পর্যন্ত প্রায় দুই যুগ পর ধরা পড়লেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার ক্ষিলক্ষেত এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য জানানো হয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
এখন ৫৫ বছর বয়স আনোয়ারের। তার বাড়ি দিনাজপুরের ফুলবাড়িয়ার রাজারামপুরে। জানা যায়, ২০০০ সালে দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) খুনের অভিযোগে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৫ সালে ওই মামলার রায়ে আনোয়ারকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। কিন্তু সুচতুরতার সাথে গ্রেপ্তার এড়ান আনোয়ার। নাম-ঠিকানা-পরিচয় গোপন করে ঢাকার ক্ষিলক্ষেতের একটি ‘স’ মিলে কাজ করে আসছিলেন।
শেষ পর্যন্ত ধরাই পড়তে হলো তাকে। পুলিশের এটিইউ শাখা এবং দিনাজপুর জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২২ বছর আত্মগোপন করে থাকা অপরাধীকে ধরে ফেলে।