স্থগিত করা হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন। আগামী ৩০ নভেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চার বছরের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৃহত্তম বাণিজ্য সম্মেলন। শনিবার ভারতের বার্তাসংস্থা পিটিআই জানায়, সম্মেলন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।
এটি বাণিজ্য সংস্থার ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। সুইজারল্যান্ডের জেনেভায় এ সম্মেলন হওয়ার কথা ছিল। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর বাইরে নয় সুইজারল্যান্ডও।
ডব্লিউটিও’র প্রত্যাশা ছিল, চারদিনের এ সম্মেলন তাদের সংস্থায় নতুন প্রাণ সঞ্চার ঘটাবে। সেইসঙ্গে নানা সমস্যার বিষয়ে মন্ত্রীরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগজনক করোনার ধরন ওমিক্রনের নাম ঘোষণার পর এ বাণিজ্য সম্মেলন শুরুর চারদিন আগে তা স্থগিত করা হয়।
জেনেভায় এ সম্মেলনে ১৬৪টি সদস্য দেশের ১০০-এর বেশি মন্ত্রী এবং ৪ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেয়ার কথা ছিল।