শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্টারলিংকের সঙ্গে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব চুক্তি

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 09 মার্চ 2025, 10:01 দুপুর • 145 বার পঠিত
স্টারলিংকের সঙ্গে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব চুক্তি

বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তার জন্য বেশ কয়েকটি দেশীয় সংস্থা স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এ সফরের অংশ হিসেবে স্টারলিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান। তবে চুক্তির সুনির্দিষ্ট স্থান, পদ্ধতি ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।

প্রেস উইং আরও জানায়, এসব চুক্তির আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং অবকাঠামোর রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। স্টারলিংক টিমের সফরের ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য স্থানের বিষয়ে ধারণা পেয়েছে। কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সম্পত্তি ব্যবহার করছে, আবার কিছু স্থানে স্টারলিংক হাইটেক পার্কের জায়গা বিবেচনা করছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, "স্থান ও বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছে।" তিনি আশা প্রকাশ করেন যে স্টারলিংক বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চলে নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে, যা বিশেষত প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া, স্টারলিংকের মাধ্যমে উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীরা উন্নত ডিজিটাল সেবা পাবে।

তিনি আরও জানান, "আমরা আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি কার্যকর মডেল বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।"

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি এক চিঠিতে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তার মতে, এই সফর বাংলাদেশের তরুণদের সঙ্গে ইলন মাস্কের সাক্ষাৎ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে।

প্রধান উপদেষ্টা আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক সেবা চালু করতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন। এর আগে, ১৩ ফেব্রুয়ারি তিনি স্পেসএক্স, টেসলা এবং এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে স্টারলিংক সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।