শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শর্তসাপেক্ষে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে তালেবান

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুলাই 2020, 11:00 দুপুর • 1,340 বার পঠিত
শর্তসাপেক্ষে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে তালেবান

আফগানিস্তানের তালেবান শর্তসাপেক্ষে দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার দোহায় তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র এক টুইটার বার্তায় তার সংগঠনের এ আগ্রহের কথা জানান। বার্তায় বলেন, আসন্ন ঈদুল আজহার আগে তালেবান তাদের হাতে থাকা সব সরকারি বন্দীকে মুক্তি দিতে রাজি আছে। তবে শর্ত হচ্ছে, তারা সরকারের কাছে যে তালিকা দিয়েছেন সে অনুযায়ী সরকারি কারাগারগুলোতে আটক সকল তালেবান বন্দীকে মুক্তি দিতে হবে।

তালেবান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পর চলতি বছরের মার্চ মাসে কাতারের রাজধানী দোহায় চুক্তি সই করে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করলেও কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে এখন পর্যন্ত অস্বীকৃতি জানিয়ে এসেছে তালেবান।

টুইটার বার্তায় আরো বলা হয়, বন্দি মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলে ঈদুল আজহার পর আফগান সরকারের সঙ্গে তারা আলোচনায় বসার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

তবে আফগান সরকার বলছে, আদালতে মামলা বিচারাধীন থাকায় এবং আদালত প্রদত্ত শাস্তির মেয়াদ শেষ না হওয়ায় তালেবানের দেয়া তালিকার প্রায় ৬০০ বন্দীকে মুক্তি দেয়া সম্ভব হবে না। কাজেই তালেবান যেন মুক্তির জন্য তাদের বন্দীদের নতুন তালিকা তৈরি করে।

চলতি বছরের মার্চ মাসে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত ব্যর্থ চুক্তিতে বলা হয়েছে, আফগান সরকার তালেবানের পাঁচ হাজার বন্দীকে এবং তালেবান আফগান সরকারের এক হাজার বন্দীকে মুক্তি দেয়ার পর দু’পক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হবে।