শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রমিকদের সহযোগিতায় মালিকদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 11:10 দুপুর • 213 বার পঠিত
শ্রমিকদের সহযোগিতায় মালিকদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

মহান মে দিবস আজ। অধিকার আদায়ের এই দিনে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে সরকারের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকগণকেও শ্রমজীবী মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

শনিবার (১ মে) মহান মে দিবস ২০২১ উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে শ্রমিক ও মালিকের উৎপাদন বৃদ্ধিতে নিবেদিত হতে হবে।

রাষ্ট্রপতি এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিব বর্ষে গড়ব দেশ’ অত্যন্ত যথার্থ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। ১৯৭২ সালে জাতির পিতার উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে এবং আইএলও’র ৬টি কোর কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে। এটি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় এক অনন্য মাইলফলক।