সরকারি টাকায় বিল মেটানো নিয়ে বিপাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন স্বচ্ছ ব্যক্তিত্ব ও কাজের মানুষ হিসেবে বেশ পরিচিত হলেও এবার সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে বিপাকে পড়েছেন।
জানা গেছে, সরকারি টাকায় প্রধানমন্ত্রী তার নিজের ও পরিবারের সকলের নাস্তার বিল কেন মেটাবেন, এই প্রশ্ন তুলে সরব হয়েছেন ফিনল্যান্ডের বিরোধীরা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কেসারান্তায় প্রতি মাসে এ বাবদ ৩০০ ইউরো খরচ করা হয় বলে জানা গেছে। ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ট্যাবলয়েডে এই খবর প্রকাশ হতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। আলোচনা শুরু হতেই ফিনল্যান্ডের পুলিশ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। তারা জানিয়েছে, সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ প্রধানমন্ত্রী মিটিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হবে।
যদিও প্রধানমন্ত্রী সানা মেরিন জানিয়েছেন, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন, তারাও এই সুবিধা ভোগ করেছেন। তিনি টুইট করে পুলিশি তদন্তকে স্বাগত জানিয়েছে বলেছেন, তদন্ত চলাকালীন তিনি ওই সুবিধা নেয়া বন্ধ রাখবেন। এমনকি এ ধরনের সুবিধা আইনবিরুদ্ধ হলে তা আর নেবেন না।