সরকারি ছুটিতে শিশু আদালতের কার্যক্রম চালু রাখার নির্দেশ
সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখতে সুপ্রিম কোর্ট প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র/শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে শিশুদের গ্রেপ্তার বা আটক করার পর তাদের সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন না করে সাধারণ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হচ্ছে, যা শিশুদের প্রতি আইনি সুরক্ষা নিশ্চিত করতে ব্যাহত করছে।
এই পরিস্থিতি নিরসনে, সুপ্রিম কোর্ট শিশু আদালতের কার্যক্রম সরকারি ছুটির দিনেও চালু রাখার জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালের শিশু আইন (সংশোধিত ২০১৮) অনুযায়ী, সরকারি ছুটির দিনেও শিশু আদালতের বিচারকরা আদালতে উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক ২০২০ সালের তথ্যপ্রযুক্তি ব্যবহার আইনের বিধিবিধান অনুসরণ করে জামিন, রিমান্ড, হেফাজত, বয়স নির্ধারণসহ অন্তর্বর্তী আদেশ প্রদান করবেন।
এছাড়া, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জবানবন্দি গ্রহণ, বয়স নির্ধারণ ও হেফাজত সংক্রান্ত সিদ্ধান্তও যথাযথ কর্তৃপক্ষ সরকারি ছুটির দিনগুলোতেও গ্রহণ করতে সক্ষম হবেন।
এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৩ সালের শিশু আইন সংশোধন না হওয়া পর্যন্ত এই নির্দেশনাগুলো কার্যকর থাকবে।