শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সরকারি চাকরিতে দাড়ি রাখা বাধ্যতামূলক করল তালেবান

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মার্চ 2022, 07:41 বিকাল • 478 বার পঠিত
সরকারি চাকরিতে দাড়ি রাখা বাধ্যতামূলক করল তালেবান

মুখে থাকতে হবে দাড়ি। মাথায় টুপি বা পাগড়ি। শরীরের আফগান ঐতিহ্যের ঢিলেঢালা লম্বা কোর্তা-পাজামা। নামাজ আদায় করতে হবে সময় মতো। এসব না মানলে চলে যেতে পারে চাকরি। আফগানিস্তানে সরকারি অফিসে পুরুষ কর্মীরা এসব নির্দেশনা ঠিকঠাকভাবে মানছে কি না তা নজরে রাখা হচ্ছে।

তালেবান প্রশাসন এইসব বাধ্যবাধকতা তাদের ওপর চাপিয়ে দিয়েছে বলে আফগান সরকারি চাকুরেরা জানান। বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে। নিরাপত্তার জন্য কারো নাম প্রকাশ করেনি তারা। 

পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ নামের মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার ছিলেন দেশটির বিভিন্ন সরকারি অফিসের দরজায়। সবাই নতুন নিয়ম ঠিকভাবে মানছে কি না তার ওপর নজর রেখেছেন তারা। 

নতুন এই নিয়মে পুরুষ কর্মীদের দাড়ি কামানোর কোনো নিয়ম নেই। আফগানি ঢিলেঢাকা কোর্তা-পাজামা ছাড়া অন্য কিছু পরিধান করার বিকল্প রাখা হয়নি। এর সঙ্গে মাথায় টুপি বা পাগড়ি তো বাধ্যতামূলক। 

যথা সময়ে সব দপ্তর যেন কর্মীদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখে সেজন্য সরকিারি সংশ্লিষ্ট দপ্তর থেকে নির্দেশ জারি করা হয়েছে। 

রয়টার্সের নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র জানিয়েছে, নির্দিষ্ট পোষাক না পরে অফিসে ঢোকা যাবে না। এমনকি এর জন্য তাদের চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে। 

এই শনিবারই একই মন্ত্রণালয় থেকে নারীদের অনুমোদিত পুরুষ সঙ্গী ছাড়া সব ধরণের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এক সপ্তাহ আগে মেয়েদের স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। পার্কে যাওয়ার ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে। নারী-পুরুষ একসঙ্গে পার্কে যেতে পারবে না। পুরুষরা সপ্তাহে চারদিন পার্কে যেতে পারবেন। বাকি তিনদিন পার্কে যাওয়ার অনুমতি পাবেন নারীরা।