সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা হয়েছে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন।
আজ মঙ্গলবার অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের বাস্তবায়ন শাখা-১ থেকে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। ২০২৩ সালের ১ জুলাই থেকেই এটি কার্যকর বলে গণ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ন্যূনতম এক হাজার টাকা প্রণোদনা পাবেন বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীরা। আর ন্যূনতম ৫০০ টাকা পাবেন অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১ জুলাই থেকে ৫ (পাঁচ) শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো জাতীয় বেতনস্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগীদের। এ বিশেষ সুবিধা ন্যূনতম এক হাজার টাকা চাকরিরতদের ক্ষেত্রে এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে।
এতে বলা হয়, চাকরিরত কর্মচারীরা ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই থেকে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশর ওপর ৫ শতাংশ হারে এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না।
এছাড়া, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের এ বিশেষ সুবিধা দেওয়া বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।