শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না: ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মে 2022, 03:45 দুপুর • 554 বার পঠিত
সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। মির্জা ফখরুল এর সঙ্গে বলেন, ‘‘এখন আমরা সরকার পতনের আন্দোলন শুরু করতে পারবো।’’ 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির একাংশ নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে প্রহৃত হলেও ছাত্রদল তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাকে ইতিবাচকভাবে দেখছেন মির্জা ফখরুল। ছাত্রদলের মাঠে থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘‘সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু ছাত্রদলের এই আন্দোলনকে তিনি সারা দেশে ছড়িয়ে দেয়ার
আহবানও জানান। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রহৃত হওয়ার ঘটনা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢুকে হামলা করেছে অথচ প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নতুন কমিটির নেতারা একটি বিবৃতি পর্যন্ত দিলেন না। কারণ আজকে সব সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে সরকার।’’

তিনি বলেন, যে যে অবস্থানে আছে সেখান থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে। এর সঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’’