শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নড়িয়া থানার ওসি বাহার মিয়া।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার আটিপাড়া এলাকার বাসিন্দা হযরত আলী খন্দকার (৪০), ইমন খন্দকার (২৬) এবং নড়িয়ার আচুড়া এলাকার রাব্বি (২৮)।
পুলিশ জানায়, ওই নারীর স্বামীকে পূর্বপরিচিত কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তার মোবাইল ফোন থেকে কল করে স্ত্রীকে টাকা ও পেনড্রাইভ নিয়ে সেখানে আসতে বলা হয়।
“এরপর ওই নারী ঘটনাস্থলে গেলে তাকে তিনজন ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান।”
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করায়।
ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ওই নারীর একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, “ওই নারীর স্বামীর সঙ্গে স্থানীয় একটি পক্ষের মাদক সংক্রান্ত লেনদেন ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীর ফোন পেয়ে ওদের পাঠানো এক লোকের সঙ্গে অটোরিকশায় করে সেখানে যান তিনি। পরে তাকে একটি জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় দেখতে পান তিনি।
এরপর তিনজন মিলে তাকে ধর্ষণ করেন বলে দাবি ওই নারীর।
ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনায় ওই নারী মামলা করেছেন। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।