শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রীসভা গঠনের প্রতিশ্রুতি

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মে 2022, 10:58 দুপুর • 227 বার পঠিত
শ্রীলঙ্কায় নতুন মন্ত্রীসভা গঠনের প্রতিশ্রুতি

শ্রীলঙ্কায় এই সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। গঠন করা হবে নতুন মন্ত্রীসভা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এই প্রতিশ্রুতি দিয়েছেন। 

অর্থনৈতিক সংকটে দ্বীপরাষ্ট্রটির খুব বাজে অবস্থা। মানুষ পথে নেমে এসেছিল। প্রবল বিক্ষোভ হয়েছে। সহিংস সেই বিক্ষোভের পর এই প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট। 

গোটাবায়া বলেছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ২২৫ আসনের জনপ্রিতিনিধিদের প্রতিনিধিত্ব করবে। 

এক বিবৃতিতে গোটাবায়া বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, দেশকে অরাজক পরিস্থিতি থেকে রক্ষা করতে এবং থমকে যাওয়া সরকারি কার্যক্রম চালিয়ে নিতে আমি একটি নতুন সরকার গঠনের পদক্ষেপ নিচ্ছি।’

দেশকে আর্থিক সংকট থেকে তুলে আনতে গত মাসে পি নন্দলাল ভিরাসিংহেকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। গভর্নর বলেছেন, সপ্তাহ দুয়েকের মধ্যে দেশে স্থিতিশীলতা না আসলে তিনি পদত্যাগ করবেন।

গভর্নর নন্দলাল বলেন, ‘আমি প্রেসিডেন্ট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট বলেছি যে আগামী দুয়েক সপ্তাহের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো না হলে আমি পদত্যাগ করব।’ তিনি মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কে গভর্নর তাতে কিছু আসে যায় না। 

১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর শ্রীলঙ্কা এখন দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকছুর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। জ্বালানি, বিদ্যুৎখাতের বাজে অবস্থা। চিকিৎসা খাতেরও একই হাল।

এই পরিস্থিতিতে রোববার ধর্মঘটে দেশটি অচল হয়ে পড়ে। এরপর সোমবার সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ৯ জন নিহত হয়, আহত হয় ২০০ এর বেশি মানুষ। 

এই সময়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। তিনি প্রেসিডেন্ট গোটাবায়ার বড় ভাই। কিন্তু বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করলেও তাদের পৈতৃক বাড়ি পোড়ানো হয়। সরকারি দলের কয়েকজন রাজনীতিবিদ বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হন। একজন সাংসদ বিক্ষোভকারীদের মধ্যে পড়ে গুলি করে একজনকে মেরে ফেলার পর আত্মহত্যা করেন।