শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার
শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। মঙ্গলবার গভীর রাতে জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে তিনি ঘোষণাটি দেন। ৫ এ্রপ্রিল মধ্যরাত থেকে তা কার্যকর হওয়ার কথা জানান তিনি।
গত ১ এপ্রিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন গোটাবায়া। তা জারি করা হয়েছিল চরম অর্থনৈতিক সংকটে ভূগতে থাকা শ্রীলঙ্কার জনগণ সহিংস বিক্ষোভ করার পর। তারা কলম্বোয় প্রেসিডেন্টের একটি ভবনের সামনে বিক্ষোভ করে। দেওয়াল ভেঙে ফেলে। গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
ওই ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ২০/২২ জন পুলিশ সদস্য আহত হন বলে জানানো হয়। তবে কতোজন বিক্ষোভকারী আহত হয়েছিলেন তা জানানো হয়নি। ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এরপর কারফিউ জারি করা হয় কলম্বোয়। পরে মোতায়েন করা হয় সেনাবাহিনী। শেষ মেষ প্রেসিডেন্ট রাজাপাকসে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।
তাতেও অবশ্য দেশটিতে বিক্ষোভ চলছে। রাজাপাকসের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি এবং চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটির পার্লামেন্টেও আন্দোলন শুরু হয়েছে। রাজপাকসের জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।