শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

মোহাম্মদ খাইরুল আমিন • 02 এপ্রিল 2022, 11:34 দুপুর • 628 বার পঠিত
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কার অবস্থা দ্রুত খারাপের দিকে গেলো। দেশটিতে সহিংস বিক্ষোভের পর কারফিউ জারি করা হয়েছিল। সেনাবাহিনী মোতায়েনও করা হয়েছিল। এবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। 

গত কয়েক দশকের মধ্যে দেশটি এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্টের একটি ভবনের সামনে সহিংস বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

এসবের প্রেক্ষিতে শুক্রবার রাতে সরকিারি এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট রাজাপাকসা জানান, আইনশৃঙ্খলা ঠিক রাখতে, সরবরাহ ও জরুরি সেবা নিশ্চিত করার স্বার্থের দিকে তাকিয়ে তিনি জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার শত শত মানুষের প্রতিবাদ ও বিক্ষোভের সময় পুলিশ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ছোড়ে। জল কামান ব্যবহার করে। এই বিক্ষোভের সময় ২০/২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। অনেক বিক্ষোভকারীও আহত হয়েছেন। কিন্তু সংখ্যাটা জানা যায়নি।

শ্রীলঙ্কাজুড়ে চলছে জ্বালানিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এসব নিয়ে অসন্তোষ বাড়ছিল। সেটাই দানা বেধে ছড়িয়ে পড়ার অবস্থা হয়েছে। 

এমন এক সংকটের মধ্যে দিয়ে দেশটি যাচ্ছে যেমনটি ওই দেশে স্বাধীনতার পর আর ঘটেনি। ২ কোটি ২০ লাখ মানুষের বাস শ্রীলঙ্কায়। সেখানে এখন জ্বালানি আমদানি করার মতো বৈদেশিক মুদ্রা রাষ্ট্রের কোষাগারে নেই। 

এসব সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। ফলে দেশজুড়ে কখনো ১০-১২ ঘণ্টা আবার কখনো ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলছে। জনগণ এটা মেনে নিতে পারছে না।