শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের গুলি করার পর সাংসদের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মে 2022, 07:57 বিকাল • 272 বার পঠিত
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের গুলি করার পর সাংসদের মৃত্যু

শ্রীলঙ্কায় একের পর এক ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। স্বাস্থ্যমন্ত্রীও পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিক্ষোভে উত্তাল দেশ, বিশেষ করে রাজধানী কলম্বো। আর কলম্বোতেই আজ  বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর সরকার পক্ষের এক সাংসদের লাশ উদ্ধার করা হয়েছে। 

কলম্বোর কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা এএফপি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, অমরাকির্তি আথুকোরালা নামের ওই সাংসদকে মৃত পাওয়া গেছে। এছাড়া এনডিটিভি জানিয়েছে, ওই সাংসদ নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েছিলেন। বিক্ষোভকারীরা তার পথরোধ করেন। এ সময় সাংসদ গুলি চালান। তাতে দুজন গুরুতর আহত হন। পরে সাংসদ একটি বাড়িতে আশ্রয় নিতে চেষ্টা করেন। কিন্তু পরে তার লাশ উদ্ধার করা হয়। 

এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ ঘোষণা করে। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েনি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার (প্রায় ৫২,৪০০ কোটি টাকা) ব্যয় করার কথা শ্রীলঙ্কার। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে। মাসের পর মাস এই অবস্থার বিরুদ্ধে দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করে শ্রীলঙ্কার আমজনতা। ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আন্দোলনে সামিল হয় কলকারখানায় লক্ষ লক্ষ কর্মী, গণপরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরাও।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের অফিসের সামনে বিক্ষোভ হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাতে ৭৮ জন আহত হয়েছেন। এই অবস্থায় সারা দেশ জুড়ে কারফিউ জারি করেছে লঙ্কান সরকার। রাজধানী কলম্বোতে আর্মি নামানো হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে আগেই।