শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে। তিনি চারবারের সাবেক প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শপথ নিতে পারেন বলে জানা গেছে।
শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর এই খবর দিয়েছে। তারা জানিয়েছে, সন্ধ্যায় শপথ নেওয়ার পর কলম্বোর একটি মন্দির পরিদর্শনে যাবেন নতুন প্রধানমন্ত্রী রনিল। এর পর তিনি দায়িত্ব নেবেন।
গত সোমবার শ্রীলঙ্কায় সহিংস জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রনিল।
১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর শ্রীলঙ্কা এখন দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। জ্বালানি, বিদ্যুৎখাতের বাজে অবস্থা। চিকিৎসা খাতেরও একই হাল।
এই পরিস্থিতিতে রোববার ধর্মঘটে দেশটি অচল হয়ে পড়ে। এরপর সোমবার সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ৯ জন নিহত হয়, আহত হয় ২০০ এর বেশি মানুষ।
এই সময়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। তিনি প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই। কিন্তু বিক্ষোভের মুখে মাহিন্দা পদত্যাগ করলেও তাদের পৈতৃক বাড়ি পোড়ানো হয়। সরকারি দলের কয়েকজন রাজনীতিবিদ বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হন। একজন সাংসদ বিক্ষোভকারীদের মধ্যে পড়ে গুলি করে একজনকে মেরে ফেলার পর আত্মহত্যা করেন।