শ্রীবরদীতে ম্যাজিস্ট্রেট ও আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা, আহত ৪
গতকাল বুধবার শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আইনশৃংখলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আইনশৃংখলা বাহিনীর ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে (৪ আগস্ট) দুপুরে উপজেলার ঝগড়ারচর বাজারে। এ ঘটনায় আহতরা হলেন- বিজিবি ৩৯ ব্যাটালিয়ন সদস্য রবিউল ইসলাম, সবুজ মিয়া, এএসআই আজহারুল হক ও কনস্টেবল জান্নাত মিয়া। ভাঙচুর করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ির গ্লাস। এ ঘটনার পর থেকে ওই বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের দুজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে অভিযান পরিচালনা করেন। এতে একটি গার্মেন্টের দোকানসহ কয়েকটি দোকান লকডাউনের বিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়। এ সময় স্থানীয় কতিপয় ব্যবসায়ী ও একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিহত করতে গেলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে হামলাকারীরা ইট,পাটকেল ছুড়ে মারলে আহত হন বিজিবি সদস্য রবিউল ইসলাম, সবুজ মিয়া, এএসআই আজহারুল হক ও কনস্টেবল জান্নাত মিয়া। ভাঙচুর করা হয় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ির গ্লাস।
শ্রীবরদী হাসপাতালে দায়িত্বরত ডা, জুলফিকার সাইফ জানান, আহতদের শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম রয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, এ ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। এদিকে এ ঘটনার পর থেকে ঝগড়ারচর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।