স্পেনে জরুরি অবতরনের সুযোগে ২১ যাত্রীর পলায়ন
গত শুক্রবার মরক্কোর কাসাব্লাংকা থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল বিমানের একটি ফ্লাইট। হঠাৎ এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর বিমানটি জরুরি অবতরণ করানো হয় স্পেনের একটি বিমানবন্দরে। আর সেই সুযোগে ২১ জন যাত্রী বিমানবন্দর থেকে পালিয়ে যান। খবর আরব নিউজের।
বিমান থেকে ২১ যাত্রী পলায়নের পরে স্পেনের ম্যালোর্কা বিমানবন্দরটি প্রায় চার ঘণ্টা ধরে বন্ধ ছিল। ইতোমধ্যে দেশটির নিরাপত্তা বাহিনী ১২ জনকে আটক করেছে। বাকীদের পুলিশ এখনো খুঁজছে।
খবরে আরও বলা হয়েছে, বিমানের এক যাত্রীর শর্করা কমে যায়। এতে তিনি অসুস্থ হওয়ার কথা বললে জরুরি ভিত্তিতে তার চিকিৎসার জন্য উড়োজাহাজটি স্পেনের ম্যালোর্কা বিমানবন্দরে অবতরণ করা হয়। তবে চিকিৎসা কর্মীরা বিমানের দরজা দিয়ে ঢুকতেই ২১ জন যাত্রী রানওয়েতে নেমে দৌড়ে পালিয়ে যায়। বিমানবন্দরের সীমানাপ্রাচীর পার হয়ে পালিয়েও যায় তারা।
বিমানবন্দর থেকে যাত্রীরা হঠাৎ সিদ্ধান্তে পালিয়ে গেছে, নাকি তারা আগে থেকেই অবৈধভাবে স্পেনে প্রবেশের বুদ্ধি এঁটেছিল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।