সৌদিতে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের রাজনীতি ও সাংবাদিকতা নিষিদ্ধ
সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা রাজনীতি বা সাংবাদিকতা করতে পারবে না বলে জানিয়েছে দেশটির সরকার। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পেশাজীবিরা ভিসায় উল্লেখিত পেশার বাইরে রাজনীতি, পেশাজীবি বা অরাজনৈতিক সংগঠন করতে পারবে না বলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অভিবাসী বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার ও কার্যক্রম পরিচালনার বিষয়টি সউদী কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। এরূপ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সৌদি সরকারের কঠোর মনোভাবের বিষয়টি অবহিত করতে গত ২৬ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানায়।
এ বৈঠকে জানানো হয়, বাংলাদেশ কমিউনিটির কিছু সদস্য তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা এ ধরণের অন্যান্য কর্মকান্ড পরিচালনা করছেন যা সম্পূর্ণ বেআইনি। বৈঠকে উপমন্ত্রী সতর্ক করেন, সৌদি আরবে যে সব বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তার বাইরে এখানে কোনো প্রকার রাজনৈতিক, সামাজিক বা এ ধরণের অন্য যেকোনো সাংগঠনিক কর্মকান্ডে জড়িত হওয়ার বা কোনো কর্মকান্ড পরিচালনা করার অথবা কোনো সাংবাদিক সম্মেলন করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকান্ড সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ বলে বিবেচিত।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপরও কোনো ব্যক্তি এসব কর্মকান্ডে জড়িত হলে বা পরিচালনা করলে তা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। এমনকি এ অপরাধ প্রমাণিত হলে তাকে জেল জরিমানার সম্মুখীন হওয়াসহ দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটকে কমিউনিটির কোনো ধরণের সংগঠনকে কোন প্রকার স্বীকৃতি, অনুমোদন, আশ্রয়, প্রশ্রয় প্রদান করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকার অনুরোধ জানানো হয়।