শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি যুবরাজের ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 12:09 দুপুর • 246 বার পঠিত
সৌদি যুবরাজের ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির ইঙ্গিত দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ বলেছেন, ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চান তিনি। সম্প্রতি বাগদাদে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত গোপন বৈঠকের পর এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধে জড়িয়ে আছে সৌদি আরব ও ইরান। ২০১৬ সালে সৌদি আরবে এক শিয়া ধর্মগুরুর ফাঁসি কার্যকরের পর দুই দেশের সম্পর্ক আরও নেতিবাচক পথে মোড় নেয়। এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।

এমন পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমির ব্যবস্থাপনায় বাগদাদে দু্ই দেশের মধ্যে মধ্যে একটি গোপন বৈঠক হয়। এক প্রতিবেদন অনুযায়ী, ৯ এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার রাতে একটি টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে একটি ভালো ও বিশেষ সম্পর্ক আশা করছি আমরা সবাই।’

মোহাম্মদ বিন সালমান বলেন, ‘ইরান নিয়ে জটিল পরিস্থিতি আমরা চাই না। আমরা ইরানের উন্নতি চাই, যা এ অঞ্চল ও বিশ্বকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে।’ তেহরানের ‘নেতিবাচক কর্মকাণ্ড’ নিয়ে সমাধান খুঁজতে রিয়াদ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বলে তিনি জানান।