সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ সালমান
সৌদি আরবের রাজ পরিবারের ‘ক্রাউন প্রিন্স’ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত মঙ্গলবার এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
জানা যায়, রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।
খাসোগি হত্যার কারণে তিন বছর আগে চরম ভাবমূর্তি সংকটে পড়েছিলেন মোহাম্মদ বিন সালমান৷ কিন্তু সৌদি রাজপুত্র হিসেবে পাঁচ বছর পূর্তির সময়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ভীষণ ব্যস্ত সময় কাটছে তার।
২০১৭ সালের ২১ জুনে সৌদি রাজ পরিবারের ‘ক্রাউন প্রিন্স’ হিসেবে সালমানের অভিষেক হয়েছিল। গত জুনে অভিষেকের পাঁচ বছর পূর্ণ হলো; পাঁচ বছর পূর্তির সময়টা দারুণ কাটাচ্ছেন ৩৬ বছর বয়সি সৌদি যুবরাজ। কে বলবে ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে জামাল খাসোগি নিহত হওয়ার পর এই সালমানই ভয়ঙ্কর দুর্বিপাকে পড়েছিলেন!