সৌদি আরবে সাইনবোর্ড লাগাতে গিয়ে বাংলাদেশি এক যুবক নিহত
সৌদিতে তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ইউসুফ (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরবে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
ইউসুফের স্বজনেরা জানিয়েছে যে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় সৌদি আরবের আভা নামক শহরে কর্মরত অবস্থায় সাইনবোর্ড লাগাতে গিয়ে প্রবল বাতাসের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের মো: ইব্রাহিমের ছোট ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার বড় ভাই আমিনুল ইসলাম রুবেল জানান, গত ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। ইউসুফ ভবনে সাইনবোর্ড লাগানোর কাজ করতেন।
ঘটনার সময় একটি ভবনের সাইনবোর্ড লাগাতে ৩ তলার ছাদে ওঠে। এসময় বাতাসের তোড়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। বাড়িতে তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।