সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে সংগঠনটির মুখপাত্র বলেছেন, সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে এই গোষ্ঠীর সঙ্গে পাঁচ বছর ধরে লড়াইরত সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট বলেছে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যার মেয়াদ শেষ হয় গত মাসে। এরপর থেকেই দুই পক্ষের সহিংসতার পরিমাণ আবারো বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথি। জবাবে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করেছে সৌদি জোট।
মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী নাজরান এবং জিজান প্রদেশে হুথিদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জোট। সোমবারও বিদ্রোহীরা সৌদি আরবে বেশ কয়েকটি সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে।