সোনার দাম ভরিতে ২৩০৪ টাকা কমল
সোনার দাম ভরিতে ২৩০৪ টাকা কমল। আজ থেকে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম পড়বে ৮১ হাজার ৯৯৭ টাকা।
আজ বৃহস্পতিবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতকাল বুধবার বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার দামের পাশাপাশি সোনার অলঙ্কার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্বর্ণের অলঙ্কার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা (এক ভরিতে ১১ দশমিক ৬৬ গ্রাম) মজুরি নিতে হবে। সে হিসেবে এক ভরি স্বর্ণের অলঙ্কারের মজুরি পড়বে সাড়ে ৩ হাজার টাকা। এতে মজুরিসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ অলঙ্কার কিনতে ক্রেতাদের কমপক্ষে ৮৫ হাজার ৪৯৭ টাকা খরচ হবে।
ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩০১ কমে দাঁড়িয়েছে ৮১ হাজার ৯৯৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৩০ টাকা কমে হয়েছে ৭৮ হাজার ৩২৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৪২ টাকা কমেছে। এখন প্রতি ভরির দাম ৬৭ হাজার ১২৬ টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৮২ টাকা কমে ৫৫ হাজার ২৮৭ টাকা হয়েছে।
সোনার দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৯৩৩ টাকা।
আজকের আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৮৪ হাজার ৩০১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮০ হাজার ৪৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৮ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ৯৫৯ টাকায় বিক্রি হচ্ছিল। গত ৬ আগস্ট এই দাম নির্ধারণ করেছিল বাজুস।