শোক দিবসে বনানী সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
আজ (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর-পরই সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সমাধিস্থল।
দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিকৃতিতে গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী পুস্পস্তবক অর্পণ করবেন। সশস্ত্রবাহিনীর গার্ড অব অনার ছাড়াও সমাধি কমপ্লেক্সে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হবে।
অন্যদিকে, শোক দিবসে সারাদেশের মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।