শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সংস্কারমূলক চিকিৎসা প্রয়োজন `রাবি চিকিৎসা কেন্দ্রের`

অনলাইন নিউজ পোর্টাল • 19 ডিসেম্বর 2021, 03:44 দুপুর • 411 বার পঠিত
সংস্কারমূলক চিকিৎসা প্রয়োজন `রাবি চিকিৎসা কেন্দ্রের`

লোকমুখে একটি প্রচলিত প্রবাদ রয়েছে ‘সর্ষের মধ্যে ভূত।’ ভূতে ধরা বা ভূতের অশুভ আছড় থেকে মানুষকে চিকিৎসার জন্য কবিরাজ বা ওঝাঁরা সরিষা ব্যবহার করতেন। কখনো যদি সরিষার মধ্যে কোনো ত্রুটি থাকতো তবে তা দিয়ে ভূত তাড়ানো যেতো না। প্রবাদের মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্র অবস্থা একই রকম। যেখান থেকে শিক্ষার্থীরা সুচিকিৎসা গ্রহণ করবে, সেই চিকিৎসা কেন্দ্রেরই এখন ‘চিকিৎসা’ প্রয়োজন।
রাবির চিকিৎসা কেন্দ্রের প্রবেশ পথে রয়েছে দুইটি কিউএস মেশিন। যেখানে শিক্ষার্থীরা তাদের স্মার্ট কার্ড ব্যবহার করে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, রোগীর ব্যবস্থাপত্র, ইলেকট্রনিক রেকর্ডে সংযোজন, রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেয়াসহ নানা কাজে ব্যবহৃত হয়। কিন্তু মেশিন দুইটি বিকল থাকায় শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না। দেড় বছরের বেশি সময় ধরে অকেজো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও কম্পিউটারসহ চিকিৎসায় ব্যবহৃত অধিকাংশ সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো ঠিকমতো কাজ করছে না। একারণে পূর্বের চেয়ে কয়েকগুণ বেশি সময় লাগছে চিকিৎসকদের। ফলে শিক্ষার্থীরা পাচ্ছে না যথাযথ চিকিৎসা সেবা।

চিকিৎসা কেন্দ্রের ডাক্তাররা বলেছেন, গত বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে মেডিকেলের দুইটি কিউএস মেশিনের দুটাই নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার একটিতে কম্পিউটার সিস্টেমে এনে দিলেও অচলাবস্থা কাটেনি। অন্য দিকে চিকিৎসায় ব্যবহৃত অধিকাংশ সরঞ্জামের মেয়াদ শেষ হওয়ায় তা আর ঠিকভাবে কাজ করছে না। একারণে বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে চাপ মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন তারা।