সংস্কার সুপারিশ পর্যালোচনায় আরও সময় চায় ১২ দলীয় জোট
১২ দলীয় জোট ছয় সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় চেয়েছে। শুক্রবার (৭ মার্চ) জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার ও দুর্নীতির বিষয়ে সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা হয়।
সভায় অংশ নেওয়া সৈয়দ এহসানুল হুদা জানান, জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো সুপারিশগুলো আরও বিস্তারিত পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে। এছাড়া, জোটের পূর্ণাঙ্গ বৈঠকে বিষয়টি নিয়ে আরও বিশদ আলোচনা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন পাঠানো সম্ভব নাও হতে পারে বলে উল্লেখ করা হয়। এজন্য প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের কাছে এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।
জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ অন্যান্য নেতারাও সভায় উপস্থিত ছিলেন।