শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

সংসদে কে যাবে, সেটি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে: হাসনাত

মোহাম্মদ খাইরুল আমিন • 28 ফেব্রুয়ারি 2025, 09:20 রাত • 184 বার পঠিত
সংসদে কে যাবে, সেটি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে: হাসনাত

দেশে বিভাজনের রাজনীতি উপেক্ষা করে একতার রাজনীতি প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেছেন নতুন আত্মপ্রকাশ করা ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, "এ দেশ থেকে পরিবারতন্ত্র কবর দেওয়া হয়েছে। এখন থেকে দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে; কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। নেতৃত্ব উঠে আসবে যোগ্যতার ভিত্তিতে।" তিনি আরও বলেন, "আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।"

বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক বলেন, “আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজ মুক্ত বাংলাদেশে যে সংসদ ভবনকে ফ্যাসিবাদমুক্ত করেছি, সেই সংসদ ভবনে যেতে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়িয়েছি।”

এই আহ্বায়ক আরও বলেন, "২০০৯ সালে দেশে কীভাবে ‘ডিফেন্স অব ফাস্টলাইন’ বিডিআর হত্যা ঘটনাটি ঘটানো হয়েছে, তা আমরা দেখেছি। বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে চালানো হয়েছিল। শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপর কীভাবে গণহত্যা চালানো হয়েছে, তা দেখেছি।"

তিনি বলেন, "আপনারা দেখেছেন দেশে কীভাবে দিনের ভোট রাতে চালু করা হয়েছে; কীভাবে ডামি ইলেকশন চালু হয়েছে।"

হাসনাত আবদুল্লাহ ঘোষণা করেন, "আমরা ৫ অগাস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা নিশ্চিত করতে চাই, আগামী সংসদ নির্বাচনে কে যাবে, সেটা নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়। দেশের খেটে খাওয়া মানুষই নির্ধারণ করবে।"

তিনি বলেন, “দীর্ঘ দেড় দশকের সময়ে আমরা একটা জাতি গড়ে তুলতে পারিনি, বিভাজনের রাজনীতি ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে। আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি, স্বাধীন পুলিশ ও বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি”

এনসিপির লক্ষ্য হলো বাংলাদেশের সকল জনগণের জন্য একটি বৈষম্যহীন, সুশাসিত এবং সমৃদ্ধ দেশ গঠন করা, যেখানে বিভাজনের কোনো স্থান থাকবে না।