সংরক্ষিত নারী আসন: সংসদে যাচ্ছেন কারা, তালিকা জানাল বিএনপি
সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরোক্ষ ভোটের এই নির্বাচনে ভোটের জন্য ১২ মে তারিখ রাখা হলেও পদ্ধতিগত কারণে ভোটাভুটির আর দরকার হবে না। অর্থাৎ, দল যাদের মনোনয়ন দিচ্ছে, বাছাইয়ে বাদ না পড়লে তাদের এমপি হওয়া কার্যত নিশ্চিত।
রিজভী বলেন, “এই ৩৬ জন বিএনপি এবং বিএনপি জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনালাম। আপনাদের সকলকে ধন্যবাদ।"
মনোনীতরা হলেন–
- সেলিমা রহমান
- শিরিন সুলতানা
- রাশেদা বেগম হীরা
- রেহানা আক্তার রানু
- নেওয়াজ হালিমা আরলী
- মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন
- বিলকিস ইসলাম
- সাকিলা ফারজানা
- হেলেন জেরিন খান
- নিলুফার চৌধুরী মনি
- নিপুণ রায় চৌধুরী
- জেবা আমিন খান
- মাহমুদা হাবিবা
- সাবিরা সুলতানা
- সানসিলা জেবরিন
- সানজিদা ইসলাম তুলি
- সুলতানা আহমেদ
- ফাহমিদা হক
- আন্না মিনজ
- সুবর্ণা সিকদার
- শামীম আরা বেগম স্বপ্না
- শাম্মী আক্তার
- ফেরদৌসী আহমেদ
- বীথিকা বিনতে হোসাইন
- সুরাইয়া জেরিন
- মানসুরা আক্তার
- জহরত আদিব চৌধুরী
- মমতাজ আলো
- ফাহিমা নাসরিন
- আরিফা সুলতানা
- সানজিদা ইয়াসমিন
- নাদিয়া পাঠান পাপন
- শওকত আর আক্তার
- মাধবী মারমা
- সেলিনা সুলতানা
- রেজেকা সুলতানা
বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পাবে এবার।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। দুই সপ্তাহ পর ১২ মে ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে।
নিয়ম হল, সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এ নির্বাচনে আর ভোটের আর প্রয়োজন হয় না।
প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।